
কক্সবাজারের টেকনাফে বিদ্যালয়ে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকসহ আট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এর আগে দুই বিদ্যালয়ের ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ।
বিভাগীয় মামলার আওতায় আসা শিক্ষকেরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ এবং লাতুরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার। এ ছাড়া দুই বিদ্যালয়ের আরও ছয় শিক্ষক রয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর দুই বিদ্যালয়ের ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিদ্যালয়ে অনুপস্থিতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।
এর আগে বিদ্যালয় দুটিতে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত এবং শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগ ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী সরেজমিন বিদ্যালয় দুটি পরিদর্শন করেন। এ সময় কোনো শিক্ষক, কর্মচারী বা শিক্ষার্থীকে পাওয়া যায়নি। শ্রেণিকক্ষগুলোও তালাবদ্ধ ছিল।
ঘটনার পর ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্তে তাদের মধ্যে তিনজন ছুটিতে ছিলেন বলে নিশ্চিত হওয়া যায়। ফলে তাদের বাদ দিয়ে দুই প্রধান শিক্ষকসহ আট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ জানান, প্রথমে ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তদন্তের পর দুই প্রধান শিক্ষকসহ আটজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।